ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ বিমান উপদেষ্টার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিমানের যান্ত্রিক ত্রুটি সরাসরি জনগণের জীবনের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই বিমানের সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে এসব ত্রুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর চেষ্টা করতে হবে। এক্ষেত্রে বিমানের প্রশাসন ও প্রকৌশল বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


বুধবার সন্ধ্যা ৬টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ ও সমাধানে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সভাপতিত্ব করেন।


সাম্প্রতিক সময়ে বিমানের উড়োজাহাজে সংঘটিত বিভিন্ন কারিগরি ত্রুটি পর্যালোচনা করে উপদেষ্টা আরও বলেন, মানবসৃষ্ট সমস্যার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা গ্রহণযোগ্য নয় এবং এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া প্রি ফ্লাইট ইন্সপেকশনে অধিকতর সতর্ক হতে হবে।


সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিমান ও সিভিল এভিয়েশন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সাফিকুর রহমান, এবং মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ads
ads
ads

Our Facebook Page

↑